৫৪ দিন নিখোঁজ থাকার পর ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে আটক করে হাতকড়া পরানোর তীব্র প্রতিক্রিয়া জানিয়েচয়ব জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৫৪ দিন নিখোঁজ থাকার পর একজন নাগরিকের শারীরিক ও মানসিক বিপর্যস্ত অবস্থায় রাষ্ট্রীয় নির্মম আচরণ প্রমান করেছে সাংবাদিকের নয়, রাষ্ট্রের হাতে হাতকড়া পরানো হয়েছে।
তিনি বলেন, একজন নাগরিকের নিখোঁজ হওয়া, অপহরণের শিকার হওয়া, রাষ্ট্রের দায়। কিন্ত রাষ্ট্র সে দায় বহন না করে নাগরিককে অপরাধী হিসাবে চিহ্নিত করার প্রয়াস কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না।
আ স ম রব বলেন, সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে কারা সীমান্তের ওপারে নিয়ে গেল, কোথায় রাখল, কী ধরনের নির্যাতন সইতে হয়েছে, তার কোনো তদন্ত না করে, নিজ বাসভূমিতে ফিরে আসায় অনুপ্রবেশকারী হিসাবে গ্রেপ্তার এবং পিঠমোড়া করে হাতকড়া পরিয়ে সশস্ত্র পাহারায় আদালতে নেয়ার দৃশ্য উপনিবেশিক চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। এটা কোনো স্বাধীন দেশের চরিত্র হতে পারে না।
রব শফিকুল ইসলাম কাজলের মুক্তি, অপহরণ, নিখোঁজ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনসহ চার দফা দাবি উত্থাপন করেন।