ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি পছন্দের খাবার খেতে পারছেন বলে মঙ্গলবার দুপুরে জানান অধ্যাপক মেসবাহ কামাল।
এর আগে মুনতাসীর মামুনের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রুবিনা ইয়াসমীন; নাক, কান, গলার বিভাগীয় প্রধান মনি লাল আইচ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আহসানুল হক, কার্ডিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক সালাউদ্দীন উলুব্বী, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান ও অ্যানেসথেশিয়া (অবেদনবিদ্যা) বিভাগের সহকারী অধ্যাপক মো. আনিছুর রহমান।
মুনতাসীর মামুন রোববার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হন। সোমবার পরীক্ষার পর তার করোনাভাইরাস পজিটিভ বলে খবর পকাশ হয়।
মঙ্গলবার বিকেলে মেডিকেল বোর্ড বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে মেসবাহ কামাল জানান।