টানা তৃতীয় দিন ১০ হাজার আক্রান্ত রাশিয়ায়

যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনের পর করোনাভাইরাসের এপিসেন্টারে পরিণত হয়েছে রাশিয়া। টানা তৃতীয় দিনের মতো একদিনে ১০ হাজার আক্রান্তের ঘটনা ঘটেছে। তাতে বিশ্বের বৃহত্তম দেশটিতে মোট আক্রান্ত ছাড়িয়েছে দেড় লাখ!

মঙ্গলবার রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টায় দেশে কভিড-১৯ এ শনাক্ত হয়েছেন ১০,১০২ জন। রবিবার দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল রেকর্ড ১০,৬৩৩ জন। আক্রান্তের সংখ্যা ১০ হাজারে ছিল সোমবারও। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৭০ জন।

সরকারি তথ্যে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় রাশিয়া মৃত্যু হয়েছে ৯৫ জনের। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,৪৫১ জন। আক্রান্ত, মৃত্যু বেশিরভাগই রাজধানী মস্বোর বাসিন্দা। 

ইউরোপিয়ান দেশগুলোতে করোনায় এক দিনে নতুন আক্রান্তের দিক থেকে রাশিয়ার অবস্থান এখন শীর্ষে। তাদের পরের স্থানে রয়েছে যুক্তরাজ্য, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪ হাজার।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছুঁই ছুঁই।