ঈদের আগে আসছে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট

আসন্ন ঈদুল ফিতরের আগে বাজারে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের সপ্তাহখানেক আগে টাকা বাজারে ছাড়া হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ২২ হাজার কোটি টাকা ছাড়া হবে।

কেন্দ্রীয় ব্যাংক গত বছর ১৮ হাজার কোটি টাকার নতুন নোট ছেড়েছিল।

নতুন নোটগুলোর মধ্যে ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকা, ৫০ টাকা, ২০ টাকা এবং ১০ টাকা থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের ভোল্টে যথেষ্ট পরিমাণে ১০০০ টাকার নোট থাকায় এ নোট মুদ্রণের প্রয়োজন হবে না।

ব্যাংকের কয়েকজন কর্মকর্তা বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে বাজারে নতুন টাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে পুরনো নোটগুলো তুলে নিয়ে নতুন নোট প্রতিস্থাপন করা যায়।

তবে সিরাজুল ইসলাম বলেন, ‘এ জাতীয় কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। নতুন নোট প্রকাশের মাধ্যমে পুরনো নোট প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই।’

ঈদের আগে বাজারে অতিরিক্ত মুদ্রার অনেক চাহিদা থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংকের বাজার ব্যবস্থাপনার অংশ হিসেবে নতুন নোট প্রকাশ করছে।

সাধারণত প্রতি বছর কেন্দ্রীয় ব্যাংক বাজারে বিভিন্ন কারণে টাকার তারল্য চাহিদার চাপ কমাতে বাজারে নতুন ব্যাংক নোট প্রকাশ করে। এ নোটগুলো সবসময়ই পুরনো নোটগুলোকে প্রতিস্থাপন করার মাধ্যমে ছাড়া হয়।