এ পর্যন্ত বিশ্বে আড়াই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। করোনার জন্য এখনও কোনও প্রতিষেধক বা ওষুধ আবিষ্কার হয়নি। তাই আগাম সতর্কতা ও পরিচ্ছন্নতার ওপরেই ভরসা রাখতে হচ্ছে বিশ্বের অধিকাংশ মানুষকে।
চিকিৎসকরা বার বার সাবান দিয়ে ভাল করে ধোয়ার বা হাতে স্যানিটাইজার মাখার পরামর্শ দিচ্ছেন নিজেদের জীবাণুমুক্ত রাখার জন্য। কিন্তু বার বার সাবান দিয়ে হাত ধোয়া তো দূরের কথা, শৌচকর্মের পরেও হাত ধোয়ার অভ্যাসই নেই অসংখ্য মানুষের!
ব্রিটিশ গবেষকদের দাবি, চীন-ভারতসহ বিশ্বের অনেক দেশের মানুষই শৌচকর্মের পর হাত ধোন না।
জাতীয় নমুনা সমীক্ষা (এনএসএনও) অনুযায়ী, ভারতের ৩৫.৮ শতাংশ মানুষ খাওয়ার আগে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করে হাত ধুয়ে নেন। দেশের ৬০.০৪ শতাংশ মানুষ খাওয়ার আগে শুধুমাত্র জল দিয়েই হাত ধোয়ার কাজ সারেন। শৌচকর্মের পরেও হাত ধোয়ার অভ্যাসই নেই অসংখ্য মানুষের!
ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পৃথিবীর ৬৩টি দেশ নিয়ে একটি সমীক্ষা করে জানান, প্রায় ৪০ শতাংশ ভারতীয়র নিয়ম মাফিক হাত ধোয়ার অভ্যাসই নেই। সমীক্ষার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা শৌচকর্মের পরে হাত ধুয়ে নেন কি না! আশ্চর্যজনক ভাবে, প্রায় ৪০ শতাংশ মানুষ স্বীকার করেছেন যে, শৌচকর্মের পরে তাদের হাত ধোয়ার অভ্যাস নেই। এ ক্ষেত্রে ভারত ছিল এই সমীক্ষার তালিকায় ১০ নম্বরে।
চিনে এই সমীক্ষায় দেখা গিয়েছে, সে দেশের প্রায় প্রায় ৭৭ শতাংশ মানুষের শৌচকর্মের পরে হাত ধোয়ার অভ্যাস নেই। চিনের পরেই রয়েছে জাপানের নাম। সে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের শৌচকর্মের পরে হাত ধোয়ার অভ্যাস নেই। দক্ষিণ কোরিয়ার ৬১ শতাংশ এবং নেদারল্যান্ডসের ৫০ শতাংশ মানুষের শৌচকর্মের পরে হাত ধোয়ার অভ্যাস নেই।
সূত্র: জি ২৪ ঘণ্টা।