করোনা প্রতিরোধে নতুন ওষুধ আনল ব্রিটিশ বিজ্ঞানীরা

নভেল করোনাভাইরাস প্রতিরোধে নতুন একটি ওষুধ প্রস্তুত করেছে ব্রিটিশ বিজ্ঞানীরা। সাউথাম্পটন ইউনিভার্সিটি হাসপাতালে কভিড-১৯ রোগীদের ওপর প্রথম এই ওষুধের ট্রায়াল চালানো হয়েছে।

বিবিসি জানায়, যুক্তরাজ্যের বায়ো-টেক কোম্পানি সিনায়ারজেন করোনার এই ওষুধটি বানিয়েছে। ওষুধটিতে ইন্টারফেরন বিটা নামে এমন একটি প্রোটিন ব্যবহার করে হয়েছে ভাইরাসের সংক্রমণ হলে যা মানুষের দেহে উত্পন্ন করে।

সিনায়ারজেনের প্রধান নির্বাহী রিচার্ড মারসডেন জানান, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ওষুধ না থাকায় এবং কোনো ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় চিকিৎসকেরা আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগিয়ে কিছু চিকিৎসা করছেন।

তিনি বলেন, ইন্টারফেরন বিটা হচ্ছে মানুষের দেহে ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য প্রথম প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ। এখন সেই প্রোটিনটির রোগ প্রতিরোধ ক্ষমতার কৌশলকে কাজে লাগিয়ে করোনার নতুন এই ওষুধ প্রস্তুত করা হয়েছে।

ক্লিনিক্যাল ট্রায়ালে ৭৫ জন রোগী অংশ নিয়েছেন। এর মধ্যে একজন ৭৫ বছর বয়সী ব্রিটিশ নারী কায়ে ফ্লিটনি। 

এই করোনা রোগী বলেন, আমার যখন করোনা ধরা পড়ে আমি তঁখন নিজেকে নিয়ে ভয় পাইনি। আমি আমার স্বামীকে নিয়ে ভিত ছিলাম। কারণ তার হার্টের জটিলতা ছিল। আমার মনে হতো আমি তাকে মেরে ফেলব। 

শ্বাস কষ্ট্র বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে করোনা ধরা পড়ে কায়ের। 

সেখানেই তার ওপর নতুন করোনা ওষুধটি প্রয়োগ করা হয়। তিনি বলেন, নতুন ওষুধটি নিতে আমার কোনো সমস্যা হয়নি। এটি শেষ না হওয়া পর্যন্ত আমি বুঝতেই পারিনি।

যুক্তরাজ্যের ১০টি হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের ওপর এই ট্রায়াল চালানো হচ্ছে। ওষুধটির ট্রায়ালের প্রাথমিক ফলাফল জুনের শেষের দিকে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে ।