শুধু আমাকেই ক্ষমা করা হল না: আসিফ

২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে সালমান বাট ও মোহাম্মদ আমিরের সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আসিফও। সাত বছর নিষিদ্ধ থেকেছেন, ইংল্যান্ডে কারাভোগও করতে হয়েছে। তবে নিষেধাজ্ঞা শেষে আর পাকিস্তানের জার্সি গায়ে জড়ানো হয়নি এই ফাস্ট বোলারের। যা নিয়ে আক্ষেপ ঝরছে তার কণ্ঠে, ‘শুধু আমাকে ক্ষমা করা হল না।’

নিষেধাজ্ঞা শেষে মোহাম্মদ আমির পাকিস্তানের জার্সি গায়ে জড়িয়েছেন। দেশকে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। পাকিস্তানের ক্রিকেটে এরকম আরো উদাহরণ আছে বলে মনে করেন আফিস। তাই একটা সুযোগ আশা করেন তিনিও।

বলছেন, ‘অনেকেই ভুল করে। আমিও করেছি। এ রকম তো নয় যে, আমার পরে কোনো ক্রিকেটার দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি। আমার আগেও যারা দুর্নীতি করেছে, তারাই এখন পাক ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত।’

৩৭ বছর বয়সীর তাই হতাশা, ‘যারা আমার পরে এই সব করেছে, তারা এখনও খেলছে। শুধু আমাকে ক্ষমা করা হল না।’

আসিফের আন্তর্জাতিক ক্রিকেট জীবন ছোট হলেও বেশ প্রভাব ফেলেছিল। ২৩টি টেস্টে তার উইকেটসংখ্যা ১০৬। ৩৮টি ওয়ানডে খেলে পেয়েছেন ৪৬ উইকেট।

যা নিয়ে বেশ তৃপ্ত আসিফ, ‘এই ছোট আন্তর্জাতিক ক্রিকেট জীবনে যা প্রভাব ফেলেছি, অনেকেই তা পারেনি। এখনও এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, কেভিন পিটারসেনরা আমাকে নিয়ে আলোচনা করে।’

কিন্তু আসিফের আবদার শুনবে তো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।