ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে স্থাপিত করোনা ইউনিটে ভর্তি শুরুর চার দিনেই ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল বলে জানা গেছে।
মৃত বাকি ২৬ ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন। মঙ্গলবার ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার থেকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নতুন কোভিড-১৯ ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু হয়। এরপর মঙ্গলবার পর্যন্ত এই ইউনিটে ভর্তি হওয়া ৩০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নমুনা পরীক্ষায় চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। বাকিদের মধ্যে করোনা উপসর্গ ছিল।
তিনি জানান, এদের মধ্যে শনিবার একজন, রবিবার ১২ জন ও মঙ্গলবার পাঁচজনের মৃত্যু হয়।
মোহাম্মদ রিয়াজ বলেন, নিয়ম অনুযায়ী ২৬ মরদেহ দাফনের জন্য মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই চার দিনে এই ইউনিটে মোট ৩০২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৫ জন করোনাভাইরাস পজেটিভ। এদের মধ্যে সাতজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে।