বড় আর্থিক প্যাকেজের প্রয়োজন, রাহুলকে অভিজিত

করোনার কারণে বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তুলতে বড় আর্থিক প্যাকেজের প্রয়োজন বলে মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বন্দ্য়োপাধ্যায়।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে মঙ্গলবার সকালে এক ভিডিও কনফারেন্সে তিনি এ মত ব্যক্ত করেন।

করোনার পর অর্থনীতিকে কী ভাবে চাঙ্গা করা যায় এবং দেশের গরীব মানুষকে এই সংকটের সময়ে কী ভাবে রক্ষা করা যায়, সেটাই ছিল আলোচনার মূল বিষয়।

কনফারেন্সের একটি ভিডিও ক্লিপ কংগ্রেসের টুইটারে পোস্ট করা হয়। সেখানে অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতের আরও বড় আর্থিক প্যাকেজের প্রয়োজন। এখনও পর্যন্ত যথেষ্ট বড় প্যাকেজ আমরা ঘোষণা করিনি।

গত সপ্তাহে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সঙ্গেও দেশের মুখ থুবড়ে পড়া অর্থনীতি নিয়ে কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। করোনার কারণে লকডাউনের প্রভাব থেকে দেশের গরীব মানুষকে বাঁচাতে ৬৫,০০০ কোটি টাকার প্যাকেজ প্রয়োজন বলে জানান তিনি।