যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে উত্তর কোরিয়ায় করোনাভাইরাস প্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে এই খবর দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এমন অপচেষ্টা চালানো হচ্ছে বলে উত্তর কোরিয়ার দক্ষিণ পিয়োঙ্গান প্রদেশের সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছেন এক শিক্ষক।
ওই শিক্ষক তার লিখিত অভিযোগে দাবি করেছেন, উত্তর কোরিয়ায় পাঠানোর আগে বিভিন্ন বস্তুতে করোনাভাইরাস ছিটিয়ে পরীক্ষা করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এতে উত্তর কোরিয়ার সরকারকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ওই শিক্ষক।
দক্ষিণ পিয়োঙ্গান প্রদেশের সরকার জানিয়েছে, ওই দুই দেশের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি। দেশটির দাবি, তাদের দেশে কোনো করোনা রোগী নেই। তবে উত্তর কোরিয়া করোনা নিয়ে তথ্য গোপন করছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের।