আরও ৬-৭ বছর ফুটবল খেলতে পারবেন লিওনেল মেসি। এমনটাই মনে করেন তার সাবেক বার্সা সতীর্থ জাভি হার্নান্দেজ। জাভির মতে দেশ ও ক্লাবকে দেওয়ায় মতো এখনো অনেক কিছু আছে মেসির। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসি আলো ছড়াবেন বলে আশা করেন জাভি।
ইন্সটাগ্রামে আরেক সাবেক বার্সা তারকা স্যামুয়েল ইতোর সঙ্গে আড্ডায় জাভি বলেন, ‘মেসির এখনো ৬-৭ বছর বাকি আছে ভালো কিছু দেওয়ার। সে তার স্বাস্থ্যের প্রতি যতœশীল। আমার বিশ্বাস, মেসি ৩৮ বা ৩৯ বছর পর্যন্তও খেলতে পারবে। আমি নিশ্চিত মেসি কাতার বিশ্বকাপ খেলবে।’
ফুটবল ক্যারিয়ার শেষে কোচ হয়েছেন জাভি। বর্তমানে দায়িত্বে আছেন কাতারের একটি ক্লাবের। কিকি সেতিয়েন কোচ হওয়ার আগে বার্সার কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। তবে মৌসুমের মাঝপথে দায়িত্ব না নিয়ে পরবর্তীতে পুরো দায়িত্ব নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন সে সময় জাভি। বার্সাও ইঙ্গিত দিয়ে রেখেছে কোনো এক সময় তাদের সাবেক এই মিডফিল্ডারই দায়িত্ব নেবেন দলের। মেসি যদি ৩৮-৩৯ বছর পর্যন্ত খেলেন তবে অদূর ভবিষ্যতে সাবেক সতীর্থ জাভিকে কোচ হিসেবে পাবেন মেসি। নেইমারের বার্সায় ফেরার বিষয়েও আশাবাদী জাভি। তিনি বলেন, ‘ফুটবলার হিসেবে বিশ্বের শীর্ষ তিন বা পাঁচে আছে নেইমার তাতে কোনো সন্দেহ নেই। সে ব্যবধান গড়ে দিতে পারে। আমি আশা করব সে বার্সায় ফিরে আসবে। আমি বার্সা সমর্থক এবং আমি সেখানে সেরা খেলোয়াড়দেরই চাইব।’