বিষ দিয়ে মাছ শিকার ঝালকাঠিতে দুই জেলের কারাদন্ড

ঝালকাঠির রাজাপুরে বিষ দিয়ে খালে মাছ শিকারের অপরাধে দুই জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের উত্তর পুখুরিজনা মানকি সুন্দর খালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জেলেদের এ দন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মাসুম খলিফা ও চাঁদপুরা এলাকার জসিম বেপারী।

জানা গেছে, উপজেলার পুখুরিজনা মানকি সুন্দর খালে বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় খালে বিষ দেওয়ার প্রস্তুতিকালে মাসুম খলিফা ও জসিম বেপারীকে দুই বোতল কিটনাশকসহ আটক এবং একটি জাল ও একটি নৌকা জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে আসছিল।