ফৌজদারহাট বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের আরো ৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুই চিকিৎসক ও এক পুলিশ সদস্য রয়েছে।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, বিআইটিআইডিতে ২৩৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৭ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে একজন পুরানো রোগী। যার দ্বিতীয়বার নমুনা পরীক্ষায়ও পজেটিভ এসেছে।
এছাড়া, নতুন ৬ জন করোনা আক্রান্তদের মধ্যে নগরীর কাঠগড় এলাকার ২৩ বছর বয়েসী এক নারী , মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ বছর বয়েসী একজন নারী, নাসিরাবাদ এলাকার ৩৮ বছর বয়েসী একজন মহিলা চিকিৎসক এবং নন্দনকানন এলাকার ৩৪ বছর বয়সী পুরুষ চিকিৎসক ও লোহাগাড়া উপজেলার ৪২ বছর বয়সী পুরুষও আছেন।
এছাড়া দামপাড়া এলাকার ৩৬ বছর বয়সী একজন ট্রাফিক কনস্টেবলও আছেন। ওই পুলিশ সদস্য সীতাকুন্ড ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিআইটিআইডিতে নমুনায় পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় করোনা পজিটিভ পাওয়া গেছে ১৫৮ জন। বিআইটিআইডি ও সিভাসুর ল্যাবের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় করোনা শনাক্ত হয় ১১১ জনের। এই পর্যন্ত চট্টগ্রাম করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৮ জন।