হবিগঞ্জে ম্যাজিস্ট্রেট, ওসিসহ আরো ১৩ জন করোনায় আক্রান্ত

হবিগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্বাস্থকর্মীসহ ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৮জনে। সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। 

এদিকে হবিগঞ্জের প্রথম করোনা আক্রান্ত রোগি মাইক্রোবাস চালক মোফাজ্জল (৪৫) সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। 

মঙ্গলবার দুপুরে পাওয়া রিপোর্টে চুনারুঘাট উপজেলায় ৮ জনের মধ্যে ওসিসহ ৫ পুলিশ, ১ জন স্বাস্থ্যকর্মী, নবীগঞ্জে ১জন স্বাস্থ্যকর্মীসহ ২ জন , বাহুবলে ১ জন ও লাখাইয়ে ১ জন রয়েছেন। সোমবার রাতে হবিগঞ্জের একজন নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (২৮) করোনা পজেটিভ বলে রিপোর্ট আসে বলে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান।
 
এদিকে নমুনা পাঠানোর  ১১ দিন পর ৫ পুলিশ করোনা পজেটিভ রেজাল্ট আসায় পুলিশের মধ্যে করোনা ভীতি দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলার একজন উর্ধতন কর্মকর্তা বলেন, গত ২৩ এপ্রিল চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক সকল পুলিশ সদস্যদের নমুনা পাঠানো হয়। রেজাল্ট পাঠানো হয়েছে ৫ মে। শনাক্ত হওযা ওই ৫ পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে জনগন, কর্মকর্তা ও সহকর্মীদের সাথে মিশেছেন। ফলে তাদের মাধ্যমে আরো কতজন আক্রান্ত হয়েছেন জানা নেই। এতো দেরীতে  রেজাল্ট দেওয়া হলে পুলিশ সদস্যদের মধ্যে আরো আক্রান্তের সংখ্যা বাড়বে বলে তিনি আশংকা প্রকাশ  করেন।  করোনা আক্রান্ত ওসি, ১ এএআই ৩ কনষ্টেবলকে  চুনারুঘাট  উপজেরায় একটি ট্রেনিং সেন্টারে রাখা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে প্রকাশ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত জেলায় ৮৮জন করোনা রোগী শনাক্তের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তা ব্যাংকার মিলে রয়েছেন ৪৫জন। 

এদিকে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর  হাসপাতাল থেকে করোনা আক্রান্ত রোগি মোফাজ্জল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। গত ৯ এপ্রিল ১২জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস নিয়ে হবিগঞ্জে প্রবেশের সময় পুলিশ গাড়িটি আটক করে।  পরীক্ষায় মোফাজ্জল হবিগঞ্জের প্রথম করোনা পজেটিভ বলে শনাক্ত হন।