মালিবাগে পোশাকশ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর মালিবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একাধিক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ড্রাগন সোয়েটার কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। এ ছাড়া আলেয়া ফ্যাশনসহ আরও দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নেয়। এর মধ্যে আলেয়া ফ্যাশনের শ্রমিকরা গত সোমবারও বিক্ষোভ করেছিল। বিক্ষোভের কারণে যানজট দেখা দিলে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। ড্রাগন সোয়েটার কারখানার শ্রমিকদের অভিযোগ, কারখানাটির মালিক বকেয়া বেতন দিতে পারবেন না বলে তাদের সাফ জানিয়ে দিয়েছেন। মালিক বলেছেন, তার কাছে বেতন-ভাতা দেওয়ার মতো কোনো টাকা নেই। মালিকের এমন মন্তব্যের পর রাস্তায় নামে শ্রমিকরা। তারা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শ্রমিকদের ভাষ্য, তাদের অনেকেরই ঘরভাড়া বাকি। দোকানের টাকা বাকি। এই বিপদের সময় তারা গ্রামের বাড়িতেও টাকা পাঠাতে পারছে না। তাই তারা করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও বাধ্য হয়ে রাস্তায় নেমেছে।

অন্যদিকে আগের দিনের মতো গতকাল সকালে আলেয়া ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করে। শ্রমিকদের বিক্ষোভে যানচলাচল বন্ধ থাকায় সড়কে যানজট দেখা দেয়। শ্রমিকরা জানান, করোনার অজুহাতে তাদের ৩ মাসের বেতন-ভাতা বাকি রেখেছে মালিকপক্ষ। সেটা পরিশোধ করার দাবিতে তারা বিক্ষোভ করছে। ঘটনাস্থলে টহলরত সেনাসদস্যদের একটি দল শ্রমিকদের সঙ্গে কথা বলে। তারা থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়টি সুরাহা করবে বলে আশ্বাস দেয়। সেনাসদস্যদের আশ্বাস পেয়ে শ্রমিকরা সড়কের অবরোধ তুলে নেয়।