বগুড়ায় দুই ব্যাংক কর্মকর্তাকে ছুরি মেরে টাকা-ভল্টের চাবি ছিনতাই

বগুড়ার শাজাহানপুরে প্রকাশ্যে সোনালী ব্যাংকের ম্যানেজার ও সিনিয়র অফিসারকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও ভল্টের চাবি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে উপজেলার জোড়া এলাকায় এ ঘটনা ঘটে। ব্যাংকটির নন্দীগ্রাম শাখার আহত ম্যানেজার মতিউর রহমান (৫০) ও সিনিয়র অফিসার আতাউর রহমানকে (৪৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ব্যাংকটির ওই শাখায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্যাংক কর্মকর্তাদের সহকর্মীরা জানান, তারা বগুড়া শহর থেকে মোটরসাইকেলে কর্মস্থল নন্দীগ্রাম যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের জোড়া এলাকায় দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এরপর তাদের ছুরিকাঘাত করে নগদ টাকা, ব্যাংকের ভল্টের চাবি ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। প্রকাশ্যে ঘটনাটি ঘটলেও মহাসড়কে চলাচলকারী যানবাহনের লোকজন বা স্থানীয়রা তাদের রক্ষায় এগিয়ে যায়নি। দুর্বৃত্তরা চলে গেলে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসাধীন ব্যাংক ম্যানেজার মতিউর রহমান বলেন, তাদের দুজনের কাছ থেকে নগদ অন্তত ১০ হাজার টাকা, ভল্টের চাবিসহ ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তাদের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করা হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ছুরিকাহত দুই ব্যাংক কর্মকর্তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার পরপরই পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ভল্টের চাবি খোয়া যাওয়ায় সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখায় পুলিশ মোতায়েন করা হয়েছে।