বেসরকারি মেডিকেল কলেজর শিক্ষক, চিকিৎসক ও অন্য কর্মকর্তাদের ঈদুল ফিতরের বোনাস না দেওয়ার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে বলা হয় সমগ্র বাংলাদেশের চিকিৎসকগণ যখন বিশ^ মহামারী করোনাভাইরাস মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে তখন বেসরকারি মেডিকেল কলেজ মালিক সমিতির এই ধরনের সিদ্ধান্ত অনভিপ্রেত, দুঃখজনক।
তারা বলেন, ‘বেসরকারি মেডিকেল কলেজে ছাত্র ভর্তির সময় এককালীন ১৮ লক্ষ টাকা গ্রহণ করে। তাছাড়া প্রতি মাসে প্রত্যেক ছাত্রের নিকট থেকে নির্ধারিত অঙ্কের টাকা নিয়ে থাকে। অথচ শিক্ষক, চিকিৎসক যারা মেডিকেল কলেজের প্রাণ, যাদের ঐকান্তিক ও নিরলস শ্রমে মেডিকেল কলেজ চলছে তাদের বঞ্চিত করার অপচেষ্টা করা হচ্ছে। অনতিবিলম্বে বেসরকারি মেডিকেল কলেজ মালিক সমিতিকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে।
অন্যথায় চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ ধরনের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য করবে।