কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে মাদ্রাসা ছাত্র নিহত

বাগেরহাটের চিতলমারীতে আকস্মিক কালবৈশাখীর ঝড়ে গাছের নিচে চাপা পড়ে ইমন মল্লিক (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা গ্রামে বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়ায় বসতঘরের উপর গাছ পড়লে ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়।

ঝড়ে হিজলা গ্রামের পাকা ও আধা পাকা অন্তত দশটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার সকালে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামটি পরিদর্শন করেছেন।

ঝড়ে যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের তালিকা প্রস্তুত করছে স্থানীয় প্রশাসন।

গাছে চাপা পড়ে নিহত মাদ্রসা ছাত্রের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করছে প্রশাসন।

নিহত ইমন মল্লিক চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা আলীয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ও হিজলা গ্রামের আনসার মল্লিকের ছেলে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম বুধবার সকালে এই প্রতিবেদককে বলেন, মঙ্গলবার রাত ১০টা নাগাদ বৃষ্টির সাথে ঝড়ো বাতাস শুরু হয়। ঝড়ো বাতাসে হিজলা গ্রামের আনসার মল্লিকের বাড়ির একটি মেহগনি গাছ উপড়ে তার খড়ের তৈরি ঘরের উপরে পড়ে।

এ সময় ওই ঘরে থাকা তার মাদ্রাসা পড়ুয়া ছেলে ইমন গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ইমনের বাবা-মা অন্য ঘরে থাকায় তারা প্রাণে বেঁচে গেছেন।