করোনাভাইরাস টাস্ক ফোর্স ভেঙে দিচ্ছেন ট্রাম্প

আমেরিকায় নভেল করোনাভাইরাস মোকাবেলার জন্য গঠিত বিশেষ টাস্ক ফোর্স বন্ধ করে নতুন কাঠামো গড়তে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার অ্যারিজোনায় একটি মাস্ক প্রস্ততকারক কারখানা পরিদর্শনে গিয়ে ট্রাম্প বলেন, ‘মাইক পেন্স ও টাস্ক ফোর্স অসাধারণ কাজ করেছে। কিন্তু আমরা এখন খানিকটা ভিন্নভাবে ব্যাপারটা দেখছি। সম্ভবত আমরা এর জন্য নতুন কোনো গ্রুপ সেট করবো।’

বিভিন্ন মেডিকেল ইন্সটিটিউট, রাজনৈতিক কর্মকাণ্ড ও অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে সমন্বয় করা ছিল এ টাস্ক ফোর্সের প্রধান কাজ। নেতৃত্বে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

সমালোচকেরা বলছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার তাগিদে ট্রাম্প মার্কিন নাগরিকদের স্বাস্থ্যঝুঁকিকে উপেক্ষা করে অর্থনীতি সচলের পথে হাঁটছেন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃত্যু এবং আক্রান্তের সংখ্যায় গোটা বিশ্বে ট্রাম্পের দেশ আমেরিকা শীর্ষে। সেখানে এখন পর্যন্ত ৭১ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ১২ লাখ ৩৩ হাজার ১৪৬। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৪১ জন। প্রতি ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে গড়ে দুই হাজারের বেশি মানুষ।

লকডাউন শিথিল করলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবেন, এটি স্বীকার করলেও ট্রাম্প বিধিনিষেধ উঠিয়ে নিতে চান। তিনি বলেন, ‘কিছুই নিখুঁত নয়, হ্যাঁ, কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। তারপরেও দেশ খুলে দিতে হবে। দ্রুত খুলে দিতে হবে।’