ঘরবন্দী মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত এমা স্টোন

নতুন একটি ডিজিটাল উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী এমা স্টোন। এ খবর জানিয়েছে হার্পার বাজার।

সারা বিশ্বে করোনার কারণে কোটি কোটি মানুষ সোশ্যাল ডিসটেন্সিং মেনে ঘরবন্দী হয়ে আছেন। তারা একইসঙ্গে বিচ্ছিন্নতাবোধ ও উদ্বেগের সঙ্গে লড়ে চলেছেন। তাদেরই সাহায্য করতে প্রচারণা ‘উই থ্রাইভ ইনসাইড’।

দ্য চাইল্ড মাইন্ড ইন্সটিটিউট এই উদ্যোগটি নিয়েছে। মে মাসব্যাপী চলমান প্রচারণায় এমা স্টোনের পাশাপাশি যুক্ত হয়েছেন অনেক তারকা। তাদের মধ্যে আছেন মার্গট রবি, মিস্ট্রি কপল্যান্ড ও অ্যান্ড্রু গরফিল্ড।

ইতিমধ্যে তারকাদের নিয়ে নির্মিত ঘরে তৈরি ভিডিও’র প্রিমিয়ার হয়েছে। কভিড-১৯ পরিস্থিতিতে ঘরে থেকে কীভাবে মানসিক স্বাস্থ্য ভালো রাখা যায়— তা নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন তারকারা।

চাইল্ড মাইন্ড ইন্সটিটিউটের অন্যতম বোর্ড মেম্বার এমা স্টোন। তিনি পুরো প্রচারণায় সাহায্য করছেন, এর আওতায় সংস্থাটির সোশ্যাল মিডিয়া চ্যানেলে ভিডিও প্রকাশ হয়েছে।

নতুন বই, ধ্যান, নাচ ও লেখালেখির মাধ্যমে বিচ্ছিন্নতার এই সময়ে নিজেকে ভালো রাখা যায়— এক ভিডিওতে এমনটা বলতে শোনা যায় অস্কারজয়ী অভিনেত্রীকে।

এ সময়ে নিজের উদ্বেগের বিষয়গুলো বারবার লেখার পরামর্শ দেন, এমন নয় যে সেগুলো আবার পড়তে হবে। কিন্তু কাগজের ওপর অনুভূতি প্রকাশ করে ভারমুক্ত হওয়া যায়।