করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমার পর খেলা মাঠে গড়ালে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের ব্যাপ্তি কমে আনা হতে পারে বলে আভাস দিয়েছেন ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার’স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী গর্ডন টেইলর। তবে বিষয়টি এখনো আলোচনা পর্যায়েই আছে বলে জানিয়েছেন তিনি।
কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে ১৩ মার্চ থেকে স্থগিত ইংলিশ প্রিমিয়ার লিগ। চলতি মৌসুম শেষ করার উপায় নিয়ে লিগের কমিটি ক্লাবের প্রতিনিধি ভিডিও কনফারেন্সে আলোচনায় বসলে তাতে নানা প্রস্তাবনা তোলে ধরা হয়। ম্যাচের প্রতি অর্ধের খেলা ৪৫ মিনিট থেকে কমানোও এর একটি।
বেশ কয়েকটি সূত্র ইএসপিএনএফসিকে জানিয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম নিরপেক্ষ ভেন্যুতে দর্শক শূন্য গ্যালারিতে শেষ করা নিয়েও আলোচনা হয়েছে। লিগের ম্যাচগুলো আরও সংক্ষিপ্ত করে আনার প্রস্তাব তুলেছেন গর্ডন টেইলর।
বিবিসি রেডিওকে এ প্রসঙ্গে তিনি বলেন, “কিভাবে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা যায় এই প্রটোকল নিয়ে আমি কথা বলছি। আমি ভবিষ্যতের প্রসঙ্গে কথা বলছি। আমরা ভবিষ্যৎ প্রসঙ্গে কিছু জানি না। তবে কোন কোন বিষয় আলোচ্য হতে পারে সেসব আমরা বুঝতে পারি।”
“আরও বেশি বদলি নামানো, ম্যাচের দুই অর্ধের খেলা পুরো ৪৫ মিনিট না করা, নিরপেক্ষ ভেন্যু ভেবে দেখার মতো এমন অনেক কিছুই আছে। প্রস্তাবনাগুলো দেখতে আমাদের অপেক্ষা করতে হবে।”
তবে বর্তমান পরিস্থিতে লিগ শেষ করা নিয়ে সৃষ্টিশীল কোনো ধারণাই উড়িয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইংলিশ ফুটবল লিগের চেয়ারম্যান রিক প্যারি। ডিজিটাল, কালচার ও স্পোর্টস কমিটিকে তিনি বলেছেন, “আমরা যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তাতে এসব সৃষ্টিশীল আইডিয়ার কোনোটাই উড়িয়ে দেওয়াটা উচিত হবে না।”