ফরিদপুরে বেতনের দাবিতে সুগার মিলের শ্রমিকদের বিক্ষোভ

ফরিদপুর চিনিকলের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারা তিন মাসের বেতন-ভাতা না পাওয়ার কারণে আর্থিক সংকটে ভুগছেন। আর সেই সাথে চলছে মানবেতর জীবনযাপন। বেতন ভাতা ও অন্যান্য পাওনার দাবিতে বুধবার সকাল সাড়ে ৯টায় ফরিদপুর চিনিকলের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষি সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আব্দুল বারি প্রমুখ।

ফরিদপুর চিকি কলের শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু জানান, মিলের আখচাষি কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাসহ এ শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলেই বর্তমানে মানবেতর দিন কাটাচ্ছেন। সময়মত আখচাষিদের পাওনা পরিশোধ না করা, কর্মরতদের বেতন-ভাতা না পাওয়ার কারণে হাজারো শ্রমিক-কর্মচারী এখন পরিবার-পরিজন নিয়ে হতাশার মধ্যে দিনযাপন করছেন। চিনিকলে কর্মরত প্রায় ৮ শত শ্রমিক কর্মচারী ফেব্রুয়ারি, মার্চ ও চলতি এপ্রিল মাসের বেতন না পেয়ে আর্থিক সংকটে দিন অতিবাহিত করছে।

তিনি দাবি রেখে বলেন, দেশের এই দুর্যোগের সময়ে সরকার আমাদের পাশে না দাঁড়ালে নিদারুণ কষ্টে জীবনযাপন করতে হবে।