দুমাসে তিনি তিনবার করোনা পজিটিভ হয়ে টেক্সাসের ক্রিস্টিয়ান বার্মিয়া (২৬) আর ধৈর্য ধরে রাখতে পারছেন না। ভাইরাসটির ধরন দেখে তিনি বুঝতে পারছেন না, আদৌ সুস্থ হবেন কিনা।
১৯ মার্চ তার শরীরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। মার্চ মাস থেকে এখনও পর্যন্ত ৫২ দিন আইসোলেশনে রয়েছেন তিনি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্মিয়া জানিয়েছেন, এই ভাইরাস মানসিক দিক থেকেও মানুষকে শেষ করে দেয়। সবসময় মনে হয় যেন আমার শরীরে ভাইরাস রয়েছে। একটা অজানা ভয় চেপে ধরে। শরীর তো ভেঙে যাবেই, সেইসঙ্গে মানসিক দিক থেকেও দুর্বল করে দেবে এই ভাইরাস। নিজেকে পাগলের মতো মনে হবে।
বার্মিয়া বলেন, আগের মতো তার আর ঘ্রাণশক্তি নেই। নাকে কোনও গন্ধ আর তেমন লাগে না। শরীর মারাত্মক দুর্বল থাকে সব সময়। মাথা ঘোরে। জ্বর, গলা ব্যথা লেগেই রয়েছে। এতদিন ধরে ভুগছি। এবার মনে হচ্ছে যেন আর বাঁচব না।
চলতি সপ্তাহে আরও একবার করোনা টেস্ট হবে বার্মিয়ার। সামনের কয়েক মাস তার আরও বেশ কয়েকবার টেস্ট হবে বলে জানিয়েছেন টেক্সাসের এই যুবক। আপাতত তাকে আইসোলেশনে থাকতে হবে। তবে ঠিক কতদিন তাকে আইসোলেশনে থাকতে হবে সেই সম্পর্কে ডাক্তাররাও কিছু বলতে পারছেন না।
প্রসঙ্গত, আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। ওয়ার্ল্ডোমিটার—র সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃত্যু এবং আক্রান্তের সংখ্যায় বিশ্বে আমেরিকা এখন শীর্ষে রয়েছে। ৭১ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে ট্রাম্পের দেশে। মোট আক্রান্ত ১২ লাখ ৩৩ হাজার ১৪৬। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৪১ মানুষ।