লকডাউনে মৃত্যু হতে পারে ১৪ লাখ যক্ষ্মা রোগীর!

করোনার সংক্রমণ প্রতিরোধে বিশ্বে জারি করা লকডাউন পরিস্থিতিতে মারাত্মক হারে বেড়ে গেছে যক্ষ্মা বা টিবি রোগী। এটি ২০২৫ সাল নাগাদ বাড়তি ১৪ লাখ মানুষের মৃত্যুর কারণ হতে পারে বলে গত বুধবার নতুন গবেষণায় দাবি করা হয়েছে। ভারত, কেনিয়া ও ইউক্রেনের তথ্যের ওপর ভিত্তি করে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এপিডেমিওলজিস্টদের মাধ্যমে গবেষণাটি করেছে দি স্টপ টিবি পার্টনারশিপ।

এএফপি বলছে, ফুসফুসে ব্যাকটেরিয়ার আক্রমণে যক্ষ্মা হয়। চিকিৎসার ব্যবস্থা থাকলেও প্রতি বছর বিশ্বে ১ কোটি মানুষ সংক্রমিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে, ২০১৮ সালেই ২ লাখ শিশুসহ ১৫ লাখ মানুষের মৃত্যু হয়েছিল টিবিতে। এখন কার্যকর ওষুধ থাকলেও চিকিৎসার জন্য দ্রুত পরীক্ষা করে রোগ নির্ণয় প্রয়োজন। কিন্তু লকডাউনে সামাজিক দূরত্ব রক্ষা করতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য ভাসমান মানুষদের যক্ষ্মা পরীক্ষা ও চিকিৎসা কঠিন হয়ে পড়েছে।

দি স্টপ টিবি পার্টনারশিপের নির্বাহী পরিচালক লুসিকা দিতিউ বলেন, ‘ওষুধ থাকলেও যক্ষ্মা নির্মূল হয়নি। করোনা এখন আমাদের কাজ কঠিন করে তুলেছে। বহু মানুষের রোগ নির্ণয় ও চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। সামনে এ সমস্যা আরও বাড়বে।’