ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার প্রচারিত এক ভিডিও’র মূল বিষয় ছিলেন আটক আমেরিকান নাগরিক লুক ডেনমান। সেখানে তিনি বলেন, কারাকাস বিমানবন্দর নিয়ন্ত্রণে এনে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়া ছিল তার উদ্দেশ।
আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ডেনমান ও আরেক আমেরিকান নাগরিক আরান বেরি-সহ ১৩ জনকে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ সোমবার আটক করে। তাদের ‘সন্ত্রাসী’ উল্লেখ করে মাদুরো জানান, তাকে উৎখাত করার ওয়াশিংটনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
এই ঘটনার নির্দেশদাতা হিসেবে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে দায়ি করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ডেনমানের ভিডিও প্রচারের পর টেলিভিশনে এ মন্তব্য করেন মাদুরো।
এ দিকে ফ্লোরিডা-ভিত্তিক সিকিউরিটি কোম্পানি সিলভার কর্প ইউএসএ’র প্রধান ও সাবেক সেনা কর্মকর্তা জর্দান গৌদেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছেন। তিনি বলেন, এ অপারেশনে দুজন আমেরিকান নাগরিকের সঙ্গে কাজ করছিলেন। মাদুরো ও ‘স্বাধীন’ ভেনেজুয়েলাকে হত্যা করা তাদের উদ্দেশ ছিল না।
এপি জানায়, অস্ত্র পাচারের একটি অভিযোগে ফেডারেল তদন্তের আওতায় রয়েছে গৌদেউ। তদন্তটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অবশ্য এর সঙ্গে ভেনেজুয়েলার ঘটনার যোগ আছে কি-না স্পষ্ট নয়। তবে আইনপ্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা জানান, রবিবারের অভিযানের পর গৌদেউয়ের বক্তব্যে অসংগতি পাওয়া গেছে।
কিছুদিন আগে বার্তা সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, গৌদিউয়ের সঙ্গে ভেনেজুয়েলার সাবেক আর্মি জেনারেল ক্লিভার অ্যালকালার যোগযোগ রয়েছে। মাদুরোর বিরুদ্ধে অপারেশন পরিচালনায় এক ডজন দলত্যাগী সেনা সদস্যকে কম্বডিয়ার গোপন শিবিরে প্রশিক্ষণ দিচ্ছেন তারা।