নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট অচলাবস্থায় যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচ শিশুর মধ্যে একজন পর্যাপ্ত খাবার পাচ্ছে না বলে একটি জরিপে জানানো হয়েছে।
দ্য ব্রোকিং ইন্সটিউটের জরিপে বলা হয়েছে, দেশটির ১৭.৪ শতাংশ মা জানিয়েছেন তাদের ১২ বছর কিংবা তার কম বয়সী সন্তানেরা অর্থের অভাবে ঠিক মতো খেতে পারছে না।
‘আধুনিক যুগের ইতিহাসে অভূতপূর্ব এই ঘটনায় কিশোর শিশুরা খাবারের অভাবে পড়েছে,’ মন্তব্য করে দ্য ব্রোকিংয়ের প্রধান গবেষক লরেন বাউয়ার বলেন, ‘বাসাবাড়িতে ১৮ বছর কিংবা তার কম বয়সী ছেলেমেয়ে ২০১৮ সালের তুলনায় এখন পর্যন্ত ১৩০ শতাংশ বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।’
এপ্রিলের চাকরি বিষয়ক প্রতিবেদন বলছে, করোনার কারণে আমেরিকায় ৩ কোটি মানুষ বেকার হয়েছেন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, নতুন এই রোগে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৭৪ হাজার ৫৮১ জন মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৫৯ হাজার ৭০৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৫৯ জন। প্রতি ১০ লাখে আক্রান্ত ৩ হাজার ৮২২ জন।
গোটা পৃথিবীতে মারা গেছেন ২ লাখ ৬৩ হাজার ৮৩১ জন, আক্রান্ত ৩৭ লাখ ৫৫ হাজার ৩৪১ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৫ হাজার ৪১৫ জন।