যেখানে কোহলি-রোহিতদের কাতারে সৌম্য

সৌম্য সরকারের প্রতিভা নিয়ে প্রশ্ন নেই কারো। যতক্ষণ উইকেটে থাকবেন, অপলক তার ব্যাটিং দেখতে হবে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর জরিপেও এমনটাই বের হয়ে এসেছে। যেখানে কিনা সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, রোহিত শর্মাদের কাতারে স্থান পেয়েছেন বাংলাদেশি ওপেনার।

রানের পর রান উপহার দিয়ে বিরাট কোহলি নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। সর্বকালের সেরাদের কাতারেও তার নাম আলোচনায় এসে যায়। যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে ক্যারিয়ার শেষে সর্বকালের সেরা ব্যাটারদের খুব সংক্ষিপ্ত তালিকায় কোহলি যে থাকবেন সেটা বলাই যায়। রোহিতও দুর্দান্ত।

তো যদি এই সময়ের সেরা ছয় নান্দনিক ব্যাটসম্যানের তালিকা করা হয় তাহলে আপনি কাদের রাখবেন? ক্রিকইনফো যে জরিপ চালিয়েছে, তাতে সৌম্যও থাকছেন।

তালিকার অন্য পাঁচ জন হলেন- বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, রোহিত শর্মা, বাবর আজম ও কুশল মেন্ডিস। আলোচনায় ছিলেন আরেক বাংলাদেশি ব্যাটার লিটন দাসও। তবে শেষ পর্যন্ত ভোটের যুদ্ধে পিছিয়ে পড়েন তিনি।

দেশের হয়ে এখন পর্যন্ত ১৫টি টেস্ট, ৫৫ ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন সৌম্য। তিন ফরম্যাট মিলে তার রান- ৩৪৩১। টেস্টে একটি ও ওয়ানডেতে ২টি সেঞ্চুরি তার।