পুতিনকে ফোন দিয়ে অস্ত্র নিয়ন্ত্রণে চীনকে চাইলেন ট্রাম্প

নভেল করোনাভাইরাসে গোটা পৃথিবী যখন দিশেহারা, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প অস্ত্র নিয়ন্ত্রণের ওপর জোর দিতে রাশিয়ার সঙ্গে চীনকেও চেয়েছেন।

‘অস্ত্র নিয়ন্ত্রণ কার্যকর করতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ইচ্ছার কথা আবার জানিয়েছেন। রাশিয়ার পাশাপাশি তিনি চীনকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অস্ত্র প্রতিযোগিতা এড়াতে ভবিষ্যতে তিনি আলোচনায় বসতেও চেয়েছেন,’ হোয়াইট হাউজের বিবৃতিতে এভাবে বলা হয়েছে।

ট্রাম্প মুখে এই কথা বললেও বাস্তবতা ভিন্ন। অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তিতে চীনকে খুব একটা পাত্তা দিতে চান না তিনি। প্রতিদ্বন্দ্বী দেশ দুটির বিরুদ্ধে নিজ অবস্থান আরও জোরদার করার লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্তের ফলে অস্ত্র বিক্রিতে আগের চেয়ে বেশি সুবিধা পাচ্ছে দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

এসআইপিআরআইয়ের তথ্য অনুযায়ী, অস্ত্র উৎপাদন ও বিক্রির তালিকায় আমেরিকার উপরে রয়েছে রাশিয়া। এই বাজারের ৮ দশমিক ৬ শতাংশের নিয়ন্ত্রণ তাদের হাতে। দেশটির পরে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য (৮ দশমিক ৪ শতাংশ) ও ফ্রান্স (৫ দশমিক ৫ শতাংশ)।

অপর্যাপ্ত তথ্য-উপাত্তের কারণে অস্ত্র বিক্রি নিয়ে এসআইপিআরআইয়ের গবেষণায় চীনকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে অনুমান করা হয়েছে, শীর্ষ ১০০ অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের তিন থেকে সাতটি চীনের মালিকানাধীন।

ট্রাম্প এদিন অস্ত্র বিষয়ক আলোচনা ছাড়া করোনা নিয়েও পুতিনের সঙ্গে কথা বলেন।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ায় মেডিকেল সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প।