বুন্দেসলিগার দিকে তাকিয়ে বিশ্ব : নয়্যার

বুন্দেসলিগা আবার শুরু হচ্ছে ১৬ মে থেকে। করোনাভাইরাস মহামারীতে ইউরোপে স্থগিত হওয়া শীর্ষ লিগগুলোর মধ্যে সবার আগে মাঠে ফিরছে জার্মান লিগই। আর তাই বুন্দেসলিগার ফুটবলারদের দায়িত্ব অনেক বলে মনে করেন জার্মান জাতীয় দলের অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বুধবার সবুজ সংকেত দেন লিগ শুরুর। তবে তার আগে খেলোয়াড়দের দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে বলা হয় খেলোয়াড়, স্টাফদের। ফ্রাঙ্কফুর্টের একটি সংবাদপত্রকে নয়্যার বলেন, ‘ইউরোপের বাকি দেশগুলো আমাদের দিকে তাকিয়ে থাকবে, বলতে গেলে পুরো বিশ্বই। এটি আমাদের জন্য এক বিশাল দায়িত্ব। প্রতিটি পদক্ষেপে আমাদের সচেতন হতে হবে। বিষয়টি আমাদের ওপরই নির্ভর করে।’

নয়্যারের মতে, লিগ যেন ভালোভাবে শুরু হয় তা নিশ্চিত করতে হবে খেলোয়াড়দেরই। ‘ফুটবলের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষের কাছে আমরা দায়বদ্ধ। আমরা সেইসব সমর্থকের কাছেও দায়বদ্ধ যাদের জীবনের একটি বিশেষ অংশ ফুটবল। তাই সব খেলোয়াড় এবং ক্লাবের দায়িত্ব যেন লিগ ভালোভাবে শুরু হয় তা খেয়াল রাখা।’ লিগের শিরোপা লড়াইয়ে এগিয়ে আছে নয়্যারের ক্লাব বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে চার পয়েন্ট এগিয়ে তারা।