হাঁটাপথে কাছাকাছি মার্কেট খোলার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, করোনাভাইরাসের মধ্যে ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে সীমিত পরিসরে শর্তসাপেক্ষে মার্কেট খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে এই সময়ে গণপরিবহন বন্ধ রেখে হাঁটাপথে মার্কেটে যেতে হবে। এছাড়া চারটি রুটে ট্রেনের মাধ্যমে ভারত থেকে পণ্য আমদানি করা হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। এখন তারা যদি মনে করে দোকান খুলবে না, তাহলে ঠিক আছে সেটাও ভালো। সরকারের তরফ থেকে সুযোগ দেওয়া হয়েছে সাধারণ মানুষের কথা চিন্তা করে। আসলে যিনি যে এলাকার বাসিন্দা তিনি সে এলাকার মার্কেটে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন এ জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকাকে কয়েকটি জোনে ভাগ করে মার্কেট খোলার পরিকল্পনার রয়েছে। জনসাধারণকে যেন বাইরে যেতে বা দূরে যেতে না হয়, যে এলাকায় লোকজন থাকে তার কাছাকাছি মার্কেটগুলো খোলার ব্যবস্থা করা হবে। যাতে তারা হাঁটাপথের মধ্যে কাছাকাছি স্থানে মার্কেটে পৌঁছাতে পারে। মার্কেটে যে অনেক ক্রেতা হবে সে সম্ভাবনা খুবই কম। তবে রাস্তার পাশে দোকান খোলার ব্যাপারে বাধা আছে, কেউ খুলতে পারবে না।’
তিনি আরও বলেন, ইতিমধ্যে বড় দুটি শপিং মল সিদ্ধান্ত নিয়েছে তারা মল খুলবে না। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কেউ যদি মনে করে দোকান খোলা ঠিক হবে না, তারা খুলবে না। তবে যারা খুলবে তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।