সরকারি জাকাত ফান্ডের অর্থ করোনাদুর্গতদের জন্য ব্যয় হবে

এ বছর সরকারি জাকাত ফান্ডের অর্থ করোনাভাইরাস দুর্গতদের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একই সঙ্গে ‘সরকারি জাকাত ফান্ডে’ জাকাত দেওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার  ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, ‘সরকারি জাকাত ফান্ডে জমাকৃত অর্থ আয়করমুক্ত।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি জাকাত ফান্ডে প্রাপ্ত অর্থ সবসময় যথাযথভাবে ইসলামি শরিয়াহ মোতাবেক ব্যয় করা হয়ে থাকে। এই অর্থ প্রতিবছর অসহায় দুস্থদের আত্মকর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, বৃক্ষরোপণ কার্যক্রম, প্রতিবন্ধীদের পুনর্বাসন, দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়ে থাকে।’