শাহরুখ প্রযোজিত সিনেমায় অভিভূত পাওলো কোয়েলহো

হালে অভিনেতার চেয়ে প্রযোজক হিসেবেই বেশি সফল শাহরুখ খান। ব্যতিক্রমী প্লটে দারুণ কিছু সিনেমা বানিয়েছেন তিনি। আর শাহরুখের সাম্প্রতিক প্রযোজনা ঘিরে মুগ্ধতার কথা জানালেন বিখ্যাত লেখক পাওলো কোয়েলহো।

অবশ্য লেখক যে কিং খানের বড় ভক্ত, সে কথা নানা সময়েই তার বক্তব্যে প্রকাশ পেয়েছে।

শাহরুখের সংস্থা রেড চিলিজের প্রযোজনায় ‘কামিয়াব’ নামে ছবিটি মুক্তি পেয়েছে কিছুদিন আগে, সেটা নিয়েই উচ্ছ্বাসে ভেসেছেন ‘দি অ্যালকেমিস্ট’ উপন্যাসের লেখক।

‘কামিয়াব’র মতো ছবি তৈরির জন্য টুইটারে ধন্যবাদও জানিয়েছেন পাওলো কোয়েলহো।

তিনি লেখেন, ‘‘দু’দিন আগে ব্রাজিলের এক অভিনেতা আত্মহত্যা করেছেন। তিনি একটি নোট রেখে গিয়েছেন। তাতে লেখা, এই সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে শিল্পীদের সঙ্গে ব্যবহার করে। এই ছবিটি (কামিয়াব) মজার হলেও, আসলে এটাই শিল্পের ট্র্যাজেডি।’’

‘কামিয়াব’-এর মূল বিষয়, একজন অভিনেতা তার ৫০০তম ছবি করার জন্য অবসর ভেঙে ফিরছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত হার্দিক মেহতা ছবির পরিচালক। মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় মিশ্র। এ ছাড়াও দীপক দোব্রিয়াল, ঈশা তলওয়ার রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

শাহরুখও পাল্টা টুইটে লেখেন, ‘‘আপনার প্রশংসা রেড চিলিজের পুরো টিমকেই উদ্বুদ্ধ করবে।’’

কয়েক দিন আগে ইরফান খানের মৃত্যুর খবর শুনে গীতার উদ্ধৃতি ব্যবহার করে টুইট করেছিলেন কোয়েলহো।