রাজধানীর বংশাল এলাকায় ১ হাজার অসহায় পরিবারের বাসায় বাসায় গিয়ে প্রয়োজনীয় খাবার এবং সহায়তা সামগ্রী পৌঁছে দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেই সঙ্গে বিভিন্ন সময় গুম ও পুলিশি হয়রানির শিকার হওয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পরিবারের মধ্যেও উপহার সামগ্রী নিয়ে পাশে দাঁড়ান তিনি।
শুক্রবার বাদ জুম্মা রাজধানীর বংশাল এলাকায় স্থানীয় বিএনপির কিছু নেতা কর্মী নিয়ে বিভিন্ন মহল্লায় ঘুরে ঘুরে অসহায় ও দুস্থ পরিবারের খোঁজ খবর নেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এসময় প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে নিজেই পৌঁছে দেন প্রয়োজনীয় খাবার সামগ্রী।
এর আগে বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুরু করে সেহরির আগ পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ বিতরণ করা হয়।
সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের (প্রস্তাবিত) পক্ষ থেকে ঢাকার অসহায় মানুষের জন্য খাদ্য বিতরণ কর্মসূচি প্রোজেক্ট ঢাকা এইডের ঘোষণা দেন ইশরাক। সেই সঙ্গে রমজান উপলক্ষে ঢাকার অন্তত ১০ হাজার দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের নিয়ে এই উদ্যোগের আওতায় একটি তহবিল গঠনেরও আহ্বান জানান তিনি।
ইশরাক হোসেনের আহ্বানে সাড়া দিয়ে সরাসরি বিকাশের মাধ্যমে ফাউন্ডেশনের তহবিলে এখন পর্যন্ত দুস্থদের সহায়তার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে জমা পড়েছে ২ লাখ ৮৯ হাজার ৪৩০ টাকা। তহবিল সংগ্রহ চলবে আগামী ১০ মে পর্যন্ত। যে কেউ চাইলেই ফাউন্ডেশনের (প্রস্তাবিত) বিকাশ নম্বরে ০১৭০৭-৩৬৮৮৬৮ দান করতে পারবেন। তহবিল সংগ্রহ সম্পর্কিত যাবতীয় হিসেব ফাউন্ডেশনের ওয়েবসাইটে বিস্তারিত তুলে ধরা হয়েছে।