ঢাকা ছাড়লেন ১৬৮ কাশ্মীরি দেশে ১৬৪ বাংলাদেশি

করোনা পরিস্থিতিতে বিশেষ ফ্লাইট পরিচালনার মাধ্যমে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে দেশে ফিরে গেছেন ১৬৮ কাশ্মীরি। অন্যদিকে বেসরকারি ইউএস বাংলার ফ্লাইটে ভারতের চেন্নাই থেকে এসেছেন ১৬৪ বাংলাদেশি।

বেসরকারি বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা জানিয়েছেন। গতকাল দুপুর ১২টায় কাশ্মীরিদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এয়ার ইন্ডিয়ার ৭৩৭ উড়োজাহাজ। শ্রীনগরগামী প্রথম ফ্লাইটকে বিদায় জানান ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি।

এদিকে ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, গতকাল বিকেল সাড়ে ৩টায় ১৬৪ বাংলাদেশিকে নিয়ে তাদের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা দেওয়া হয়েছে।