যশোরের অভয়নগরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারুফ মোল্লা (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের ভাষ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমুরতলা ও হাটবিলা গ্রামের মধ্যবর্তী একটি বিলের ফাঁকা জায়গা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। মারুফ নওয়াপাড়া শহরের বুইকরা ড্রাইভারপাড়ার মোসলেম মোল্লার ছেলে।
অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, সম্প্রতি মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছিল মারুফ। র্যাব-৬ খুলনার একটি টিমের
সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় সে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
র্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মো. রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদে ‘মাদকের ডিলিংস হচ্ছে’ বলে জানতে পেরে ঘটনাস্থলে যায় তাদের একটি টিম। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক কারবারিরা। র্যাবও পাল্টা জবাব দিলে একজন গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়। এ ঘটনায় তাদের দুই সদস্যও আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।