স্ত্রী নির্যাতন মামলা

সুনামগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক গ্রেপ্তার

স্ত্রী নির্যাতন মামলায় সুনামগঞ্জ সদর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক শিমন চৌধুরীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে পৌর শহরের তেঘরিয়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শহরে নানাভাবে মানুষকে হয়রানি, এক নাট্যকর্মীকে হত্যার হুমকি এবং নারীদের উত্ত্যক্তের অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর থানায় শিমন চৌধুরীর বিরুদ্ধে তার স্ত্রী বৃহস্পতিবার রাতে নির্যাতনের অভিযোগে একটি মামলা করেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কারণে-অকারণে স্ত্রীকে নির্যাতন করেন। তাই স্ত্রী নিরুপায় হয়ে থানায় মামলা করেছেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান জানান, স্ত্রীর করা মামলায় শিমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।