লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তির লোভে দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধ বাবাকে পিটিয়ে জখমের ঘটনায় ছেলে মসজিদের ইমাম মো. বদরুদ্দৌজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রামগঞ্জ শহরের মোহাম্মদিয়া হোটেল এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে একইদিন সন্ধ্যায় নির্যাতনের শিকার আফতাব উদ্দিনের (৯০) স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেন।
বাড়ির সব সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় রামগঞ্জের পাটবাজার দারুস সালাম জামে মসজিদের ইমাম মো. বদরুদ্দৌজা (৩২) তার বাবাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে। গত বৃহস্পতিবার ভোরে রামগঞ্জ পৌরসভার কাঠবাজার সড়কে বদরুদ্দৌজার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আহত বাবা আফতাব উদ্দিন কচুয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক। তাকে চিকিৎসা না দিয়ে ইমাম বদরুদ্দৌজা নিজের বাসায় আটকে রাখে। পরে প্রতিবেশীরা আহত ওই বৃদ্ধকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।
এদিকে বৃদ্ধ বাবাকে মারধর করে আহতের খবর পেয়ে গত বৃহস্পতিবার রাতে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থলে ছুটে যান। তিনি আফতাব উদ্দিনের চিকিৎসার খরচ বহনসহ পরিবারের সদস্যদের হাতে ১৫ দিনের খাবার তুলে দেন। এ সময় আহত আফতাব উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমি ৪২টি বছর একটি মাদ্রাসায় শিক্ষকতা করেছি। হাজার হাজার ছেলেকে মানুষ করেছি, অথচ আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি।’ কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।