সাধারণ ক্ষমায় নেত্রকোনা কারাগার থেকে ২০ বন্দীর মুক্তি

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সরকারের সাধারণ ক্ষমার আওতায় শুক্রবার নেত্রকোনা জেলা কারাগার থেকে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত ২০ জন কয়েদিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

নেত্রকোনা কারাগারের জেল সুপার আবদুল কুদ্দুস জানান, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সারা দেশে ২ হাজার ৮৮৪ জন কয়েদিকে সাধারণ ক্ষমায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এরই প্রেক্ষিতে শুক্রবার বিকেলে নেত্রকোনা জেলা কারাগার থেকে লঘু অপরাধে সাজাপ্রাপ্ত ২০ জন কয়েদিকে মুক্তি দিয়েছে নেত্রকোনা কারা কর্তৃপক্ষ।

তিনি বলেন, নেত্রকোনা জেলা কারাগারে মোট ধারণ ক্ষমতা ৪ শত জনের। বর্তমানে কারাগারে আছেন ৭১৪ জন। স্থান সংকুলানের জন্য নেত্রকোনা জেলা কারাগারে কিছু কয়েদি মুক্তির সিদ্ধান্ত নেয় সরকার।

এরই প্রেক্ষিতে আমরা নেত্রকোনায় ৪২ জন লঘু অপরাধে সাজাপ্রাপ্ত কারাবন্দীর তালিকা পাঠিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তাদের মধ্যে ২০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এরা সবাই লঘু অপরাধে ১ থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি।