মির্জাপুরে একই বাড়িতে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুরে একই বাড়িতে দ্বিতীয় এক কিশোরের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। এনিয়ে মির্জাপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।

শনিবর বেলা ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা গেছে, গত মঙ্গলবার (৫ মে) আক্রান্ত ব্যক্তিসহ ২১ জনের নমূনা সংগ্রহ করে বুধবার (৬ মে) ঢাকা রোগ তত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। শনিবার (৯ মে) তার করোনা শনাক্তের খবর পায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

আক্রান্ত ওই কিশোর গত মঙ্গলবার (৫ মে) করোনায় আক্রান্ত দিনমজুরের শ্যালক। তারা একই বাড়িতে থাকে। ভগ্নিপতির সংস্পর্শে থাকার কারণে ওই কিশোরেরসহ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয় বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৩১৯ জনের নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে করোনা শনাক্ত হলো নয়জনের।

আক্রান্ত নয়জনের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন মারা গেছেন। একজন বাড়িতে আইসোলেশনে আর চারজন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া আক্রান্ত কিশোরকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, নতুন আক্রান্ত কিশোরকে হাসপাতালে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার আশপাশের ৩০টি বাড়ি আগে থেকেই লকডাউন রয়েছে বলে তিনি জানান।