মুন্সীগঞ্জে পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের কর্মচারী জসিমউদ্দিনকে মারধর করার অভিযোগে রিয়াজুল ইসলাম বিদ্যুত (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের এক কর্মচারীকে মারধর করার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলার শ্রীনগর উপজেলার মাশুরগাঁও গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে।
শ্রীনগর থানার ওসি হেদায়েতুল্লাহ ভূঁঞা জানান, উপজেলার মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় শুক্রবার দিবাগত রাতে পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের কর্মচারী জসিমউদ্দিনকে মারধর করে রিয়াজুল ইসলাম বিদ্যুত।
এ ঘটনায় শনিবার সকালে ওই কর্মচারী বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। এরপরই উপজেলার মাশুরগাঁও এলাকা থেকে একমাত্র আসামি রিয়াজুল ইসলাম বিদ্যুতকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ। পরে তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।