করোনায় সাধারণ ক্ষমায় মুন্সীগঞ্জ কারাগারের ৬৫ বন্দীর মুক্তি

করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ ক্ষমায় মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে শনিবার ৬৫ বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। বেলা ১২টার দিকে বিভিন্ন মামলায় লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত এসব বন্দীদের মুক্তি দেওয়া হয়। জেলা কারাগারের জেল সুপার নুরুন্নবী ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাধারণ ক্ষমায় মুক্তির জন্য জেলা কারাগারের ৭১ জন বন্দীর একটি তালিকা পাঠানো হয় কারা অধিদপ্তরে। পরে অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী প্রথম ধাপে একজন ও দ্বিতীয় ধাপে ৫ জন কারাবন্দীকে জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। শনিবার তৃতীয় ধাপে ৬৫ কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে জেলা কারাগারের ৭১ বন্দীকে মুক্তি দেওয়া হল।