ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকা অবস্থায় ভারতীয় বংশোদ্ভূত মেরিনা হুইলারের (সদ্য সাবেক দ্বিতীয় স্ত্রী) সঙ্গে ডিভোর্সের আনুষ্ঠানিকতা শেষ করেছেন বরিস জনসন। দেশটির ইতিহাসে তিনি পঞ্চম প্রধানমন্ত্রী, যিনি দায়িত্বে থাকা অবস্থায় বিচ্ছেদে গেলেন।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, ২৯ এপ্রিলের আগে জনসন ডিভোর্সের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার খবর পান। সেদিন তার নতুন বাগদত্তা ক্যারি সাইমন্ডস ছেলে সন্তানের জন্ম দেন।
মেরিনার মা দীপ সিং ভারতের পাঞ্জাবের মেয়ে। তিনি ১৯৬২ সালে বিবিসির সাংবাদিক চার্লস হুইলারকে বিয়ে করেন। মেরিনা পেশায় ব্যারিস্টার এবং কলামিস্ট। জনসন এবং তার ঘরে চার সন্তান। গত ফেব্রুয়ারিতে তিনি বিচ্ছেদের চূড়ান্ত আবেদন করেন লন্ডনের পারিবারিক আদালতে।
ব্রিটেনের আইন অনুযায়ী, জনসনের মোট সম্পদের হিসাবে মেরিনা ৪ মিলিয়ন পাউন্ড পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
জনসন প্রথম বিয়ে করেন ১৯৮৭ সালে, অ্যালেগ্রা মোস্তিন-ওভেন নামের এক নারীকে। সেই বিয়ে স্থায়ী হয় ১৯৯৩ সাল পর্যন্ত।
ব্রিটেনে প্রধানমন্ত্রী হিসেবে সবশেষ ডিভোর্স পান ডিউক অব গ্রাফটন অগাস্টাস ফিটজরয়, সেটা ১৭৬৯ সালের কথা।