লকডাউনে বহুদিন হল পানভেলের বাগান বাড়িতে সপরিবারে আটকে রয়েছেন সালমান খান। সেখানে পরিবারের কিছু সদস্য ও বান্ধবীদের সঙ্গে সময় কাটছেন 'ভাইজান'।
বন্দি অবস্থাতেও মাঝে মধ্যেই তিনি নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছেন। এবার বান্ধবী জ্যাকুলিন ফার্নান্ডেজের সঙ্গে মিলে 'তেরে বিনা' বলে একটি গানের শ্যুট করে ফেললেন সালমান। পানভেলের ফার্ম হাউসেই বান্ধবী জ্যাকুলিনের সঙ্গে মিলেই মিউজিক ভিডিওর শ্যুটিং করেছেন।
সম্প্রতি, সালমানের বান্ধবী ওয়ালুসা ডি'সুজার সঙ্গে সালমান ও জ্যাকুলিনের কথোপকথনের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। যার ক্যাপশানে সালমান লিখেছেন, ''Interview Tere Bina...'' যেখানে সালমান ও জ্যাকুলিন জানিয়েছেন তাদের 'তেরে বিনা' মিউজিক ভিডিওটির শ্যুটিংয়ের কথা।
সালমান বলেন, 'বহুদিন ধরে এই মিউজিক ভিডিওটির কথা আমার মাথায় ছিল, ভাবলাম এখনই শ্যুট করে নেওয়া যাক। এখানে মাত্র ৩-৪ জন মিলেই ভিডিও শ্যুট হয়ে গেল। কোনও মেক আপ আর্টিস্ট, বড় কোনও টেকনোলজি কিছুই প্রয়োজন হল না। পুরোটাই এই পালভেলের বাগান বাড়িতে শ্যুট হয়েছে। পুরো জায়গাটা ঘুরে দেখা হয়না, এই সুযোগে ঘোরাও হয়ে গেল, আর এটা তো আমার বাড়ি। তবে এখানে ভীষণ গরম, তাই বিকেলে দিকে শ্যুটিং করা হয়েছে। আর এখানে যারা রয়েছেন রাঁধুনি, রক্ষী সহ অন্যান্যরা সবাই এখানেই রয়েছেন, তারা কেউ বাইরে যাননি। বহুদিন হল এখানেই আছেন, তাই ভয়ও নেই। তবে এখানে নেটের অবস্থা খুব খারাপ একটা ভিডিও ডাউনলোড হতে একদিন লেগে যাচ্ছে। তাই একটু সমস্যা হচ্ছে, সময়ও লেগে যাচ্ছে প্রচুর।
প্রসঙ্গত, এর আগেও করোনা নিয়ে সচেতনতা প্রচারের জন্য 'প্যায়ার করোনা' বলে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন সালমান। সেটাও পানভেলের বাগান বাড়িতে শ্যুট করা হয়েছিল। যেখানে নিজে গানও গেয়েছিলেন সল্লু।