ভুয়া অ্যাকাউন্ট সরাতে ফেসবুককে ফখরুলের চিঠি

ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব অ্যাকাউন্টের বিষয়ে ব্যবস্থা নিতে ফেইসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন তিনি।

শনিবার দলীয় প্যাডে লেখা চিঠিতে তিনি বলেছেন, ভুয়া ফেইসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের বিব্রতকর অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ফেইসবুক কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।

বিএনপি মহাসচিব বলেন, অনেক দিন ধরে লক্ষ্য করছি যে, কুচক্রী মহলকর্তৃক আমার নামে ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। আমি এর আগেও বলেছি এবং এখনও অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনো ফেইসবুক অ্যাকাউন্ট খুলিনি।

তিনি বলেন, এ সমস্ত ‍ভুয়া ফেইসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এর কোনো মতামতের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায়-দায়িত্ব আমার নেই। সংশ্লিষ্টদের অনুরোধ করব এসব ভুয়া অ্যাকাউন্ট খুলে আমার নামে চালানো থেকে বিরত থাকার জন্য।