লকডাউনে অনলাইনেই মুক্তি পাচ্ছে নওয়াজউদ্দিনের কমেডি ছবি ‘ঘুমকেতু’। এতে লেখকের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।
ছবিটি আগেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কোনও কারণে আটকে যায়। এবার সেই জট কাটিয়ে ওয়েব প্ল্যাটফর্ম জি-৫ এ মুক্তি পেতে চলেছে ছবিটি।
‘ঘুমকেতু’ একটি কমেডি ছবি। এক অনভিজ্ঞ লেখককে নিয়ে ছবি গল্প। সে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রযোজকদের কাছে তার গল্প বিক্রি করার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু সফল হতে পারে না। লেখকের স্ট্রাগলের গল্প উঠে আসবে ছবিতে।
প্রধান চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এছাড়া পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অনুরাগ কাশ্যপকে। তার চরিত্রটিও হাস্যরসাত্মক।
নওয়াজ জানিয়েছেন, এই ছবিটি বেশ ইউনিক। আগে এমন গল্প পর্দায় দেখা যায়নি। অভিনয়টা তিনি এনজয় করেছেন। আর সবথেকে ভাল লেগেছে তার অনুরাগ কাশ্যপের সঙ্গে অভিনয় করে। কারণ অনুরাগকে সাধারণত ক্যামেরার পিছনেই দেখা যায়। তার ছবিতে নওয়াজ আগে অভিনয়ও করেছেন। লকডাউনের সময়ে ছবিটি যে সবাইকে আনন্দ দেবে, তা নিয়েও একপ্রকার নিশ্চিত নওয়াজ।
অন্যদিকে ছবির পরিচালক পুষ্পেন্দ্র নাথ মিশ্র জানান, মানুষ কখনও তার শিকড় থেকে খুব বেশি দূরে যেতে পারে না। ছবির নাম ‘ঘুমকেতু’ ওই কারণেই রাখা। নাম থেকেই বোঝা যাচ্ছে ছবিটি ‘শুরুর দিকে যাত্রা’র গল্প। ছবিতে এমন এক লেখকের গল্প তুলে ধরা হয়েছে যে তার নিজের পরিবারের সদস্যদের থেকেই অনুপ্রাণিত। এমনিতে প্রত্যেক মানুষই তার পরিবারের থেকে অনুপ্রাণিত হয়। এই ছবিটিও তাই পরিবারের জন্যই উৎসর্গীকৃত।
ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও অনুরাগ কাশ্যপ ছাড়াও অভিনয় করেছেন ইলা অরুণ, রঘুবীর যাদব, স্বানন্দ কিরকিরে এবং রাগিনী খান্না। ছবির স্ট্রিমিং শুরু হবে ২২ মে থেকে। শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন, রণবীর সিং, সোনাক্ষী সিনহা, চিত্রাঙ্গদা সিং, লরেন গোটলিব এবং নিখিল আডবানিকেও দেখা যেতে পারে ছবিতে। ঘুমকেতু প্রযোজনা করেছেন ফ্যান্টম ফিল্মস এবং সনি পিকচার্স নেটওয়ার্কস (এসপিএন)।