গোপালগঞ্জে সাত পুলিশকে মেরে ৩ আসামী ছিনতাই

গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের কাছ থেকে বাড়ি ভাংচুর ও লুটপাটের মামলার ৩ আসামীকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় মুকসুদপুর থানার সাত পুলিশ সদস্য আহত হন। 

তাদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে মুকসুদপুরের ভাটরা মোড়ে গ্রেপ্তার চার আসামীকে নিয়ে থানার দিকে আসার পথে আসামীদের লোকজন পুলিশের ওপর ইট-পাটকেল মেরে তাদেরকে ছিনিয়ে নেয়। পুলিশ একজনকে ধরে রাখতে সক্ষম হয়। তাকে থানায় নিয়ে আসা হয়।

জানা যায়, মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের কাওইনিয়া গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে জাফর মিয়া গ্রুপ ও মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এরই অংশ হিসাবে বুধবার জাফর মিয়া গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায় মনোয়ার মেম্বার গ্রুপের লোকজন। এ ঘটনায় হওয়া মামলার আসামী ধরতে গিয়েছিল একদল পুলিশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের পক্ষ আসামী ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।