সাকিব-মুশফিক অন্যরকম জুটি

ক্রিকেটের যেকোনো সংস্করণে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমের জুটির তুলনা নেই। বাংলাদেশের সবচেয়ে সফল ও সেরা জুটি এই দুজনার। ২২ গজের সেই সেরা জুটি এবার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে মাঠের বাইরেও জুটি বেঁধেছে। মুশফিকের মতে, সাকিব ও তার ‘সেরা জুটি এটাই’।

সাকিব পরিবার নিয়ে এখন আমেরিকায় থাকলেও করোনায় ক্ষতিগ্রস্তদের নানাভাবে সাহায্য-সহযোগিতা করে চলেছেন। এর মধ্যে নিজের সাকিব আল হাসান ফাউন্ডেশন গড়ে তার মাধ্যমেও তহবিল গড়ছেন। সাহায্য করছেন মানুষকে। সেই ফাউন্ডেশন ও মুশফিকের যৌথ উদ্যোগে বগুড়ার সাড়ে তিনশ’র বেশি পরিবার পেল খাদ্য সহায়তা। প্রসঙ্গত, মুশফিকের জেলা বগুড়া।

সাকিবের অফিশিয়াল ফেইসবুক পেজে গতকাল এক পোস্টে জানানো হয়েছে, ‘বাইশ গজের পিচে গড়েছেন দারুণ সব জুটি। এবার সেই সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম এক হয়ে পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষের। সাকিব আল হাসান ফাউন্ডেশনের সঙ্গে সম্মিলিত এক প্রচেষ্টায় মুশফিকুর রহিম পাশে দাঁড়িয়েছেন ৩৫০টি পরিবারের। এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য বগুড়া জেলা স্কুলের সাহসী প্রাক্তন ছাত্রদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। মুশফিকুর রহিমকে ধন্যবাদ।’

এই পোস্টের সঙ্গে মুশফিকের একটি ভিডিও বার্তাও পোস্ট করা হয়েছে। যেখানে জীবনের এই মঞ্চে সাকিব-মুশফিক জুটিকে সর্বোত্তম আখ্যা দিয়ে মুশফিক বলেছেন, ‘সাকিব ও আমার অনেক দুর্দান্ত জুটি আছে মাঠে। তবে এখনো পর্যন্ত সেরা জুটি এটাই। সাকিব ও সাকিব আল হাসান ফাউন্ডেশনকে ধন্যবাদ, যাদের অর্থায়নে আমার নিজ শহর বগুড়ায় ৩৫০টির বেশি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্রদের ধন্যবাদ। তাদের পরিশ্রমে ত্রাণ বিতরণ সম্ভব হয়েছে। আমি আশা করছি, আমরা সবাই একসঙ্গে এই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করব।’