কাউন্সিলরের কাণ্ড: করোনায় মৃত ব্যক্তির পরিবার ৪ দিন তালাবদ্ধ!

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া আহমেদ আরমান (৫৫) নামে বাকলিয়ার এক ব্যক্তির বাসায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্ব ৬ মে তালা দেওয়া হয়। ফলে বাড়িতে আটকা পড়ে শিশুসহ পুরো পরিবার।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে শনিবার রাতে (৯ মে) ওই তালা খুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড এলাকায়।

গত ৪ মে মারা যান ওই বৃদ্ধ ব্যক্তি ব্যক্তি। এর পর ৬ মে নমুনা পরীক্ষার রিপোর্টে মৃত আরমানের করোনা পজিটিভ আসে।

মৃত আহমেদ আরমানের ছেলে আবিদ অভিযোগ করে বলেন, ‘চসিকের স্থানীয় কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলামে নেতৃত্বে তাদের বাড়িতে তালা দেওয়া হয়। ওই তালা গত ৯ মে রাতে তালা খুলে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘শনিবার রাতেই চট্টগ্রাম জেলার সিভিল সার্জন তাদের জানিয়েছে রবিবার তাদের পরীক্ষা করানো হবে।’

এ বিষয়ে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘আমি গতকাল রাতে ওই পরিবারের সঙ্গে কথা বলেছি। করোনা পরীক্ষার ব্যাপারে সব উদ্যোগ নেওয়া হয়েছে।’

মৃত আহমেদ আরমানের ছেলে আবিদ বলেন, ‘আজ সকালে স্থানীয় কাউন্সিলর ও প্রশাসনের সহায়তায় একটি মাইক্রোবাসের মাধ্যমে আমাদের পরিবারের সদস্যদের চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আমরা সকাল ১০টায় এখানে আসছি। আমাদের সবার নমুনা সংগ্রহ করা হবে জানিয়েছে।’

এ বিষয়ে জানতে চসিকের ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলামকে ফোন দেওয়া হলে এই বিষয় নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি। পরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।