প্রণোদনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি প্রযোজক সমিতির

করোনা সংক্রমণের কারণে ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সিনেমা হল। এর আগেই আলোচিত কয়েকটি সিনেমার মুক্তি স্থগিত হয়। সব মিলিয়ে ক্ষতির মুখে আছেন প্রযোজক, প্রদর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই।

ইতিমধ্যে একাধিক খাতে সরকার প্রণোদনা ঘোষণা করলেও কিছুই পায়নি বিনোদন অঙ্গন। এ নিয়ে সিনেমা পাড়ায় বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল।

এবার জানা গেল, আর্থিক প্রণোদনা চেয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।

সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু রবিবার গণমাধ্যমকে বলেন, “চিঠিটি শুধু আমাদের তরফ থেকে একা দিয়েছি বললে ভুল হবে এটি চলচ্চিত্র পরিবার অর্থাৎ এখানকার সকল সংগঠনের তরফ থেকে দেওয়া হয়েছে। গত বুধবার (৬ মে) এ চিঠি দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “আমরা এখনো জানি না সরকার কবে লকডাউন খুলবে। খুললেও সিনেমা হল মালিকরা তাদের হল খুলবেন কি-না, তা জানি না। কিংবা দর্শক যে আসবেন তারও কোন গ্যারান্টি নেই। আসলে কী পরিমাণ আসবেন? ফলে প্রযোজকরা তথা আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি দীর্ঘ মেয়াদের জন্য ক্ষতিগ্রস্ত হলো। এ ইন্ডাস্ট্রির কয়েক হাজার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়লো।”

তবে কী পরিমাণ আর্থিক সহায়তা দরকার তার কোন অঙ্ক উল্লেখ করা হয়নি চিঠিতে।