নিউ ইয়র্কে বিরল উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিরল এক প্রদাহজনিত উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে অঙ্গরাজ্যটির গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন। বিরল এ উপসর্গের সঙ্গে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের সম্পর্ক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এমনটা হলে কভিড-১৯ অল্প বয়সী শিশুদের ক্ষেত্রেও বড় ধরনের ঝুঁকি হিসেবেই আবির্ভূত হবে বলে জানিয়েছে রয়টার্স।

গত শনিবার কুমো এ তিন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেন। একই দিন তিনি নিউ জার্সির গভর্নর ফিল মারফির সঙ্গে মহামারীর কারণে বাসিন্দাদের মধ্যে বাড়তে থাকা চাপ ও মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়েও কথা বলেন।

কুমো জানান, শিশুদের মধ্যে দেখা দেওয়া তীব্র শক এবং ‘কাওয়াসাকি’ রোগের মতো রক্তনালিতে প্রদাহ ও হার্টের সম্ভাব্য মারাত্মক ক্ষতির উপসর্গগুলো তার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। মৃত তিন শিশুর মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও আছে বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছিল।

নিউ ইয়র্কে বিরল উপসর্গে মৃত তিন শিশুর দেহে কভিড-১৯ কিংবা তার অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে বলে জানান কুমো। এ কারণেই বিরল ওই উপসর্গগুলোর সঙ্গে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের সম্পর্ক থাকতে পারে বলে মনে করা হচ্ছে; যদিও এ সম্পর্কের বিষয়টি বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি।